নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসার ভেতর থেকে গলাকাটা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরের ভেতর সব আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। পুলিশের ধারণা, বৃদ্ধাকে হত্যার পর দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে।
রোববার (১২ জুলাই) সকালে যাত্রাবাড়ীর কাজলা দনিয়া এলাকার হাসপাতাল রোডের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।
নিহত বৃদ্ধার নাম মোসা.শাহিদা বেগম। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সীতলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী।
পুলিশ সূত্র থেকে জানা যায়, যাত্রাবাড়ী দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন ভবনের সাত তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন সাহিদা বেগম। বিকেল থেকে সন্ধ্যার পর যেকোনো সময় অজ্ঞাত পরিচয় খুনিরা তার বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। পরে তার বাসায় থাকা স্বর্ণের দুই সেট কানের দুল, একটি গলার চেইন এবং পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, গতকাল সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে যেকোনো সময় এই হত্যার ঘটনা ঘটেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, বাসা আমরা এলোমেলো পেয়েছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি এবং আমাদের কয়েকটি টিম অভিযান চালাচ্ছে। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।
একেএস/জেবি