নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
সরকারি ক্রয় প্রক্রিয়াকে আরও গতিশীল করতে দরপত্র আহ্বান থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত সময় বা প্রকিউরমেন্ট লিড টাইম আরও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংস্থাটির ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা এবং বিপিপিএর বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে। এটি ইতিবাচক অগ্রগতি হলেও প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত করতে এ সময় আরও কমিয়ে আনতে হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত চুক্তি সম্পন্ন করা গেলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে এবং উন্নয়নের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছাবে।
পরিকল্পনামন্ত্রী সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি ও ক্রয়ের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি ক্রয় ব্যবস্থা যত কার্যকর হবে, প্রকল্প বাস্তবায়ন তত বেশি সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।
তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দিয়ে জানান, এ লক্ষ্যে প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম তদারকি করবেন।
সভায় সভাপতির অনুমতিক্রমে বিপিপিএর সদস্য-সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ সংস্থাটির প্রতিষ্ঠা, সাংগঠনিক কাঠামো, আইনগত দায়িত্ব, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বিপিপিএকে চলমান আধুনিকায়ন প্রকল্পের বাস্তবায়ন দ্রুততর করা, ই-জিপি ব্যবস্থা ও ডিজিটাল স্বাক্ষরের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি ক্রয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিশ্চিত করতে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ এবং তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি কার্যকর তদারকি ও সময়োপযোগী সিদ্ধান্ত নিশ্চিত করতে বিপিপিএ পরিচালনা পর্ষদের সভা নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন।
এএইচ/এআরএম