নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ পাওয়ার আগেই তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা দুঃখজনক।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ মীর শাহে আলম এসব বলেন।
মীর শাহে আলম বলেন, জাতীয় রাজনীতির শীর্ষ কোনো নেতা হিসেবে নয়, বরং তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। রাষ্ট্রীয় দায়িত্বে নিজের মেধা, দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করার সুযোগ চাই। শুরুতেই যদি আমাকে টার্গেট করা হয়, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে আমার যে মেধা ও সক্ষমতা আছে, তা দেখানোর সুযোগ পাব না। আমাকে অন্তত কাজ করার সুযোগ দেওয়া উচিত।’
নিজের সম্পদ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নতুন শিল্প ও ব্যবসা সম্প্রসারণের জন্য নিজের সন্তান এবং প্রতিষ্ঠানের নামে সম্পত্তি কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস সম্পূর্ণ বৈধ। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। নির্বাচনি হলফনামায় তার সম্পদের সব তথ্য প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম অভিযোগ করেন, সম্পদের প্রকৃত চিত্র উপেক্ষা করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কোনো ব্যক্তি বা রাজনীতিবিদকে নিয়ে সংবাদ প্রকাশের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বক্তব্যের একটি অংশ নয়, পুরো বক্তব্যই সংবাদে তুলে ধরা উচিত।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ক্ষমতায় আসার পরও তার পরিবারকে বিভিন্ন সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে পরিবারের কোনো সদস্য যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম বলেন, চলতি বছরে সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো বাজেট বাস্তবায়ন এবং অন্যটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন। স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের জন্য চলতি বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।
এএইচ/ক.ম