Dhaka Mail Logo

জাতীয়

দেশি গবাদিপশুর উন্নয়নে জোর, সাভারের কেন্দ্রীয় গো প্রজনন খামার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

দেশী জাতের গবাদিপশুর উন্নয়ন এবং খামার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (৭ জুলাই) সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খামারে উৎপাদিত নিজস্ব ঘাস গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও কার্যকারিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়।

পরিদর্শনের সময় তিনি খামারের বাছুর সেকশন, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, মীরকাদিম ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট, কৃত্রিম প্রজনন (এআই) ল্যাবরেটরি, ব্রিডিং বুল ইউনিট এবং শতভাগ আমেরিকান ফ্রিজিয়ান বুল ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি দেশী জাতের গবাদিপশুর উন্নয়ন, পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কাগজ-কলমের তথ্যের সঙ্গে বাস্তব চিত্র সব সময় পুরোপুরি মেলে না। মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত অবস্থা জানা যায় এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান নেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, অতীত নিয়ে না ভেবে উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/এআর