জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীকে ভয় দেখাতে তার গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত রয়েছেন। রোববার সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে।
সোমবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি ঢাকা মেইলকে বলেন, যার গাড়িতে গুলি করা হয়েছে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তাকে হয়তো ভয় দেখাতে এ গুলি করা হয়েছে। কারণ এর আগে দুই দফা এমন ঘটনা ঘটেছে। সেই দুই ঘটনায় তিনি তুরাগ থানায় মামলা করেছিলেন। সেই মামলাটি এখন ডিবিতে তদন্তাধীন।
তিনি বলেন, গতকাল বাসার সামনে এসে তার গাড়িকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। পরে আত্মরক্ষার্থে ওই ব্যবসায়ীর দেহরক্ষীও পাল্টা গুলি চালিয়েছে। তবে কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। তাকে কল করা হয়েছিল। তিনি থানায় আসবেন।
পুলিশ বলছে, ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কাশেম একেএসবি গ্রুপের মহাব্যবস্থাপক (এমডি)। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে থাকেন। এর আগে ১১ মার্চ ও ২৩ মে দুই দফা তাকে উদ্দেশ্য করে এমন গুলির ঘটনা ঘটেছে। এবারও একই কায়দায় ওই ব্যবসায়ীর গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এমআইকে/এআরএম