নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
দেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রীর প্রকাশনা উদ্বোধন করেন।
প্রকাশিত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর।
এ সময় মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের গৌরবময় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমআর/এআরএম