Dhaka Mail Logo

জাতীয়

নির্ভরযোগ্য ডেটাই সঠিক পরিকল্পনা ও জাতীয় উন্নয়নের ভিত্তি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

নির্ভরযোগ্য ডেটাই সঠিক পরিকল্পনা ও জাতীয় উন্নয়নের ভিত্তি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে সরকারি পরিসংখ্যান প্রকাশে স্বাধীনতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি হালনাগাদ এবং গবেষণাভিত্তিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

রোববার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি বিবিএসের প্রধান কার্যালয়ে স্থাপিত ‘মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেনসহ বিভাগ ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবসম্মত ও কার্যকর করতে হলে নির্ভরযোগ্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। সরকারি ডেটার ওপর জনগণের আস্থা বাড়াতে তথ্য প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিবিএসকে আরও আধুনিক, দক্ষ ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিএস কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সংস্থাটির সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দক্ষ জনবল গড়ে তোলা এবং আধুনিক কর্মপরিবেশ সৃষ্টি ছাড়া একটি শক্তিশালী জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারি নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি পরিসংখ্যানের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গবেষণার সুযোগ সম্প্রসারণে বিবিএসকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

পরিসংখ্যান বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে একটি পৃথক পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

আমির খসরু বলেন, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর তথ্য বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে এই ল্যাব। এতে সরকারি ডেটার আরও কার্যকর, নিরাপদ ও গবেষণাবান্ধব ব্যবহার নিশ্চিত হবে। বিবিএস নিয়মিত জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডেটা উৎপাদন করে। নতুন এই উদ্যোগের ফলে সেই তথ্যসম্পদ আরও সুশৃঙ্খলভাবে গবেষণা ও নীতি প্রণয়নে কাজে লাগানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘ডেটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন’ এই লক্ষ্যকে সামনে রেখে মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সরকারি ডেটা সাধারণ গবেষকদের জন্য উন্মুক্ত ও ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেওয়ায় বিবিএসকে ধন্যবাদ জানাই।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় তথ্যের ব্যবহার আরও কার্যকর হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, মাইক্রোডেটায় প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উত্তরদাতাদের গোপনীয়তা সমান গুরুত্বের সঙ্গে রক্ষা করতে হবে। বিবিএসের এই ল্যাব নিরাপদ ডেটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

জানা গেছে, ‘মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব’ বিবিএসের একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা, যেখানে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও বিভিন্ন জরিপের নাম-পরিচয়বিহীন মাইক্রোডেটা বিশ্লেষণের সুযোগ পাবেন। গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এএইচ/এফএ