নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন—এমন অভিযোগ এনে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।
শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই জিডি করেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।
অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।
>> আরও পড়ুন
লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
/এএস