Dhaka Mail Logo

জাতীয়

‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ জুন ২০২৬, ০১:০৪ পিএম

অগ্রাধিকারের ভিত্তিতে যেকোনো মূল্যে সরকার তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই এবারের বাজেটের মূল লক্ষ্য। বর্তমান সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার ওপর বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রস্তাবিত বাজেটকে একটি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সরকারের সুদৃঢ় সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবারের বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।’

প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ বাজেটের মূল লক্ষ্য। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে অর্থনীতিকে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।  দেশের জনগণের কারণেই আমরা সংসদে এসে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারছি৷ প্রকল্প বাস্তবায়ন করতে বিপুল বিদেশি ঋণের বোঝা চাপিয়েছে বিগত সরকার। এ বোঝা জনগণকে অনেক বছর টানতে হবে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারপ্রধান বলেন, ‘এবারের বাজেট বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, এর মাধ্যমে অর্থনীতির একটি ভিত গড়ে তুলতে চাই। বাজেটের লক্ষ্য ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করার বাজেট।  

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য ও কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি৷ যদিও আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি। তবে জনগণ চায় ভবিষ্যৎ নিয়ে কথা বলি।’
 
তিনি বলেন, ভবিষ্যত বিবেচনায় আমরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছি। উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করতে চায় সরকার। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার।
  
টিএই/এআরএম