জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ১০:০৯ পিএম
বিদ্যুৎকেন্দ্রে টেকনিক্যাল ত্রুটি এবং কয়লা সংকটের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বিধি-৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ (ফোর্সড শাটডাউন) করতে হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে।
মন্ত্রী বলেন, এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং করতে হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এ পরিস্থিতি নিয়ে তিনি ড. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বিষয়টিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সংসদের সব সদস্য ও দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ এবং সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।
বিবৃতির পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল বিধি-৩০০ অনুযায়ী মন্ত্রীর বক্তব্য সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
টিএই/এএইচ