নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
দক্ষ নির্মাতা তৈরিতে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৭ জুন) বিসিটিআই প্রাঙ্গণে সংস্থাটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ বলেন, ‘দক্ষ নির্মাতা তৈরিতে বিসিটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এছাড়া দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআইয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার মাহফুজুর রহমান বলেন, ‘মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল করবেন বলে বিশ্বাস করি।’
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘বিসিটিআই একটি নবীন প্রতিষ্ঠান হলেও এটি বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট এবং ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।’
তিনি জানান, বিসিটিআইয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ও আধুনিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে বিকশিত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) কামাল আকবর, এনআইএমসি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
এছাড়া মেন্টর হিসেবে বক্তব্য দেন প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সহকারী মেন্টর হুমায়ুন কবির হিমু এবং ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের মেন্টর লাবিব নাজমুছ ছাকিব।
অনুষ্ঠানে ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত দুটি প্রামাণ্যচিত্র‘মিনতি’ ও ‘মাটির সুর’প্রদর্শিত হয়। এছাড়া দুই কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা, সৃজনশীল যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে উভয় কোর্সের সকল প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। পরে বিসিটিআইয়ের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ উদ্যোগ ও অর্জন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এএইচ