জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ০১:১৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, শহীদ আবরার ফাহাদ এভিনিউ ও আশপাশের এলাকায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। মতিঝিল ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ও আশপাশে পুলিশ, নারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টহল দল মোতায়েন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পশ্চিম দিকের মুখে চৌকি ফেলে পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।
পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদেরও হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। শাহবাগ থানা যুবদলের একটি বিক্ষোভ মিছিলও দেখা যায়।
পথচারীদের চলাচল স্বাভাবিক থাকলেও সন্দেহজনক মনে হলে কাউকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছবি তোলার প্রস্তুতি নেওয়ার সময় ঢাকা মেইলের এই প্রতিবেদককে ঘিরে ধরেন সরকারদলীয় কিছু নেতাকর্মী। পরে গণমাধ্যমকর্মী নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেন।
ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বিরোধীদলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে সব দোকানপাট খোলা রয়েছে। ফুটপাতের হকাররাও স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালাচ্ছেন।
সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে দায়িত্ব পালন করা এসি (পেট্রোল-মতিঝিল) পার্থ ঢাকা মেইলকে বলেন, ‘যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সকাল থেকেই এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় ভবনটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
এএম/এমআর