নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১১:৩৪ এএম
পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও আঘাতকারী বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে দেখা গেছে, কিছু ব্যক্তি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশ নেন। এতে কোনো কোনো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা ধর্মপ্রাণ মানুষ ও নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির কারণ হয়ে দাঁড়ায় এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।
আরও পড়ুন: ডিএমপির আরও এক ডিসির বদলি
এতে আরও বলা হয়, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এমআই