Dhaka Mail Logo

রাজনীতি

নাশকতার আশঙ্কা: ঢাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে ২৩ জুন সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২২ জুন) রাত ৮টায় রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত দলটি যদি আবারও সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে।

তিনি বলেন, ‘২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে। এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে।’

22

হাসান আল মামুন আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় তিনি ২৩ জুন সারাদেশে গণঅধিকার পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কার বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রাজপথে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত এবং গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন।

এমআর/এএইচ