images

জাতীয়

কাজী নজরুলের চেতনা সবাইকে ধারণ করার আহ্বান সড়কমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ত্যাগ ও চেতনা সবাইকে ধারণ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। 

‎শুক্রবার (১৯  জুন) বিকেলে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।  ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ধানমন্ডি থানা ও ১৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
 
‎শেখ রবিউল বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না। তিনি সাহিত্যিক ছিলেন, গায়ক ছিলেন, সৈনিক ছিলেন- তিনি সাংবাদিকও ছিলেন। তার আরেকটি পরিচয় ছিল, তিনি রাজনীতিবিদও ছিলেন। কিন্তু এই মহান মানুষকে মূল্যায়ন করতে কোনো কোনো সময় বিচ্যুতি হয়েছে। 

‎এসময় দলীয় নেতাকর্মীদের নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করার আহ্বানও জানান তিনি। শেখ রবিউল বলেন, ব্যক্তি স্বার্থ নিয়ে আসবেন না। ক্ষুদ্র স্বার্থের কারণে বৃহত্তর স্বার্থ আমাদের বিসর্জন দেওয়া যাবে না। ‎তিনি বলেন, দেশটাকে আমরা মানুষের জন্য যতো সুযোগ আছে কাজে লাগাতে চাই।

‎সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছিলেন। তিনি কবিতা ও গানে আমাদের মাঝে বেঁচে আছে। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। 

‎কাজী নজরুল ইসলামের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মিল খোঁজেন আবদুস সালাম। ‎তিনি বলেন, কাজী নজরুল ইসলাম খুব অল্প সময় লিখতে পেরেছিলেন। কিন্তু এই সময়েই মানুষের মন জয় করে নিয়েছিলেন। তেমনি আমাদের নেতা জিয়াউর রহমানও অল্প সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং অল্প সময়েই মানুষের মন জয় করে নেন।

‎এসময় সরকার বিরোধীদের অবস্থা নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নেতা। ‎আবদুস সালাম বলেন, সরকার গঠনের তিন মাস পরেই আপনারা আন্দোলনের ভয় দেখান। আপনাদের বলবো, একটু আস্তে আস্তে যান। বিএনপি আন্দোলনের মধ্য দিয়েই জন্ম হয়েছে। 

‎সালাম বলেন, আপনারা বলেছিলেন, বিএনপি নির্বাচনে জিততে পারবে না। কিন্তু নির্বাচনে কী হলো। বিপুলভাবে জয়লাভ করেছে। তাই বলি, একটু আস্তে আস্তে যান। অধৈর্য হয়েন না। অধৈর্য হলে দেশের ক্ষতি হবে। ‎তিনি বলেন, দুর্নীতি রোধে আমাদের নেতা তারেক রহমান আজকে প্রমাণ করছেন। তিন/চার মাসের মধ্য তারেক রহমান অনেক কাজ করে ফেলছেন। এখন ৫ বছর থাকলে কতকিছু করে ফেলবে, এ নিয়েই (বিরোধীরা) ভয় পাচ্ছেন।

‎জাসাস নির্বাহী সদস্য ও ধানমন্ডি থানা আহ্বায়ক শাহীনুর আবেদীনের সভাপতিত্বে সভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক প্রকোশলী মোহাম্মদ জাকির হোসেন, কন্ঠশিল্পী জামাল উদ্দিন নাসির প্রমুখ বক্তব্য দেন৷

‎এএম/ক.ম