images

জাতীয়

মুক্তিযোদ্ধাদের জন্য ইস্কাটনে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

রাজধানীর ইস্কাটনে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নিজস্ব জমিতে একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবনটি মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংরক্ষণের উপযোগী করে নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং এ ধরনের উন্নয়ন উদ্যোগ মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া ভবনটির জন্য একটি নান্দনিক, কার্যকর, ব্যয়-সাশ্রয়ী ও যুগোপযোগী নকশা প্রণয়নের নির্দেশ দেন তিনি। ভবনটি নির্মাণে স্থাপত্য অধিদপ্তর ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অপচয়, অনিয়ম বা ‘বালিশকাণ্ড’ যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

মক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি ও স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএম/ক.ম