উপজেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং তার ছেলে সাদ চৌধুরী (১৪)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন হারুন অর রশিদ ও তার ছেলে সাদ। হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে আসার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রতিনিধি/এমআর