জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ০২:৪২ পিএম
রাজধানী ঢাকায় ভর দুপুরে হঠাৎ করেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর দুপুর ১টার দিকে শুরু হয় ভারি বর্ষণ। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবনে ভোগান্তি দেখা দেয়।
বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যেতে দেখা যায়। অফিস-আদালত ও কাজে বের হওয়া মানুষজন পড়েন বিপাকে। অনেক জায়গায় যানবাহনের গতি কমে যায়, সৃষ্টি হয় যানজট। রিকশা ও গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।
এর আগে আজ সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
টিএই/এমআই