images

জাতীয়

প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০৪:৩১ এএম

বিশ্ব শুল্ক সংস্থার (WCO) একটি প্রকল্পের ম্যানেজার হিসেবে বেলজিয়ামে গিয়ে দেশে ফিরে না আসায় কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে চাকরি থেকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৭ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ২০২৫ সালের ৩ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থান করে দায়িত্বে অনুপস্থিত থাকার ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরবর্তীতে বিধিমালার ৩(খ), ৩(গ) ও ৪(৩) ধারার আওতায় তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনবিআরের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তাদের দায়িত্ব পালনে অনিয়ম ও বিদেশে পলায়নের মতো ঘটনায় কঠোর অবস্থানের বার্তাও দিয়েছে সংস্থাটি।

এমআর/আরআর