images

জাতীয়

যুক্তরাষ্ট্রে ছয় হাজার প্রবাসীর কাছে স্মার্টকার্ড পাঠাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আবেদন করেছেন— এমন ছয় হাজার নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ জুন) সংস্থাটির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
 
ইসি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে ১৬ হাজার ৭১৫ জন প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে ১০ হাজার ৯৬৮ জনের আবেদন অনুমোদন করেছে কমিশন। যারা প্লাস্টিক কার্ড চান তারা অনলাইন থেকে নিয়েছেন। আর এখন আমরা এর মধ্য থেকে পাঁচ হাজার ৮০৭ জনের এনআইডি প্রিন্ট করা হচ্ছে, যেগুলো শিগগিরিই দূতাবাসের মাধ্যমে সরবরাহ করা হবে সংশ্লিষ্টদের কাছে। 
 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস এলাকায় এনআইডি কার্যক্রম গত বছর দূতাবাসের মাধ্যমে শুরু করে ইসি। এক্ষেত্রে নিউ ইয়র্কে বসবাসরত চার হাজার ১৭০ জন, ওয়াশিংটনে ৪৩০ জন, মায়ামিতে ৩৬৫ জন ও লজ এঞ্জেলেসে ৪৪২ জনের এনআইডি পাঠিয়ে দেবে সংস্থাটি।
 
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাস্টক; দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া- মোট ১৪টি দেশের ২৪ টি স্টেশনে ভোটার তালিকা ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। সবগুলো দেশ থেকে এক লাখের মতো আবেদন এসেছে এ পর্যন্ত। এদের মধ্যে ২০ হাজারের মতো  নাগরিক এনআইডি পেয়েছেন।
 
প্রবাসীদের চার তথ্য দেওয়া বাধ্যতামূলক:
বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট/মেয়াদহীন পাসপোর্ট/এনআইডিধারী তিন নাগরিকের প্রত্যায়ন, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (দূতাবাসের সংশ্লিষ্ট ডেস্কে) জমা দিতে হবে।
 
এদিকে বিশেষ ৫৬টি উপজেলা/থানার (চট্টগ্রাম অঞ্চল) নাগরিকদের জন্য "বিশেষ তথ্য ফরম' পূরণ, শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, মৃত হলে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টি.আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে), কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নিকাহনামা এবং স্বামী-স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক), ইউটিলিটি বিলের কপি (ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি, ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হবে।
 
এমএইচএইচ/ক.ম