images

জাতীয়

পুলিশ কনস্টেবল পদে চাকরির নামে প্রতারণা, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

‎পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া দুই প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ চক্রের সদস্যরা পুলিশ কনস্টেবল ছাড়াও বিভিন্ন হাসপাতাল ও ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতো।

‎বুধবার (১৭ জুন) সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ‎গ্রেফতাররা হলো- মো. শাফায়াত হোসেন শেখ  ও এনামুল হক আকবর।

‎রুহুল আমিন সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমি চাকরিপ্রার্থীর মামা সেজে সেখানে যাই। গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। পরে একজনের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করি, টাকা কাকে দিতে হবে। সে জানায়, তারা আরও চার-পাঁচজনকে চাকরি দিয়েছে। আজ টাকা দিয়ে মেডিকেল চেকআপ করলে সন্ধ্যার দিকে নিয়োগপত্র দেওয়া হবে। এরপর আমরা তাদের গ্রেফতার করি।

‎এ সময় তাদের কাছ থেকে নগদ চার লাখ ৫০ হাজার টাকা এবং চাকরিপ্রার্থীদের দেওয়া ডাচ-বাংলা ব্যাংকের পাঁচ লাখ টাকার একটি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।

‎প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, গ্রেফতারকৃত মো. শাফায়াত হোসেন শেখের বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলা রয়েছে।

‎সিআইডি ঢাকা মেট্রো (পশ্চিম) অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন বলেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং আরও কোনো ভুক্তভোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

‎একেএস/ক.ম