জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
রাজধানীর আদাবরে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় তিন ছিনতাইকারী ও তাদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনার তদন্তে একটি প্লটে অভিযান চালাতে গেলে সেখানে অবস্থান নেওয়া ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ওসি ও এসআই আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি গুলি ছোড়ে।
ঘটনাস্থলের পাশের একটি বাসার বাসিন্দা রুবেল বলেন, ‘পুলিশের চিৎকার ও গুলির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। এর আগে তিনি দুটি গুলির বিকট শব্দ শুনেছিলেন। বাইরে এসে দেখেন, দুই পুলিশ সদস্য আহত অবস্থায় রয়েছেন। পরে পুলিশ চারজনকে আটক করে একটি পিকআপে তুলে নিয়ে যায়।’
এলাকাবাসী জানান, হামলার সময় দুই ছিনতাইকারী ওসি ও এসআইকে লক্ষ্য করে আক্রমণ করে। একপর্যায়ে ওসির মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে তা ঠেকান। এতে তার বাম হাতে আঘাত লাগে। অন্যদিকে এসআই তরুণ প্লটের ভেতরে প্রবেশের সময় তাঁর হাতের সামনের অংশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেইলকে বলেন, ‘আটক চারজনের মধ্যে তিনজন ছিনতাইকারী। অপরজন ওই প্লটের কেয়ারটেকার কাশেম। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাশেম কয়েক দিন ধরে অভিযুক্তদের সেখানে আশ্রয় দিয়ে আসছিলেন। এ কারণে তাকেও আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। মামলায় আটক তিন ছিনতাইকারী ও কেয়ারটেকার কাশেমকে আসামি করা হবে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। আহত দুই পুলিশ সদস্যকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলায় তিন ছিনতাইকারী এবং কেয়ারটেকার কাসেমও আসামি হবেন। তাদের বাইরে আরো অনেকে আসামি হতে পারে। সেই সাথে যারা বিকাশের দোকানিকে কুপিয়েছে তাদেরও দেখে আটক করা হচ্ছে। তবে এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এমআইকে/এমআই