জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃতরা হলেন- রায়হান খান (২১), পাভেল রহমান ভূইয়া (২৩) ও আবু জোবায়ের সানি (৩৬)। তাদের নরসিংদীর সদর ও নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সাইবার সেন্টারের ডিআইজি সানা সামিমুর রহমান।
তিনি বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিচ্ছি। আজ পর্যন্ত আমাদের অনলাইন জুয়ায় আমরা চারটি মামলা করেছি। এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছি। গতকালকেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের মূল অভিযোগ হচ্ছে, তারা অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে ঠকাচ্ছে এবং বিভিন্ন এজেন্টের সার্ভিসের সঙ্গে জড়িত। তারা মোবাইল ব্যাংকিং সার্ভিসের এজেন্টদেরকে ইউজ করে ডিস্ট্রিবিউটরদের ইউজ করে এই ব্যবসাগুলো করছে। ফাইনালি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই টাকাগুলোকে কনভার্ট করে বিদেশে পাচার করছে তারা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন জুয়ার ব্যাপারে সিআইডির নজরদারি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।
আরও বলেন, তরুণ সমাজ এবং খেলাপ্রেমী সকলের কাছে আমাদের আহ্বান, আপনারা লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের অনলাইন জুয়া বা বেডিংয়ের সঙ্গে সংযুক্ত হবেন না।
এমআইকে/এএইচ