images

জাতীয়

সন্তানদের নামে ইউনিয়নের নাম: সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন ২০২৬, ১১:০৫ পিএম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তাঁর দুই ছেলের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণের অভিযোগ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন।

সংসদে মাসুদ বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় কয়েকটি নতুন ইউনিয়ন করা হয়েছে। সেখানে তাঁর পরিবার বা মীর বংশের নামে একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তাঁর দুই সন্তানের নামে দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে।

পরে সংসদে ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মোকামতলার দূরবর্তী দুটি ইউনিয়ন হলো সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। এই দুটি ইউনিয়ন অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই ও গণশুনানি করে সিদ্ধান্ত নেন। সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় সৈয়দপুরের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন।

তিনি আরও বলেন, আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলী ইউনিয়ন। এটি গাইবান্ধার খুব কাছে এবং মূল এলাকা থেকে অনেক দূরে হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের মতামতের ভিত্তিতে নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।

এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামে থাকা বিভিন্ন এলাকার উদাহরণও সংসদে তুলে ধরেন।

পরে জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশে মীর শাহে আলম বলেন, সীমান্ত ও দিগন্ত নামে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক এলাকার নাম রয়েছে। তিনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়ালেন?

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, কাকতালীয়ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিল রয়েছে। আমার সন্তানদের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে আমি প্রশাসনকে মীর সীমান্ত ও মীর দিগন্ত নাম রাখার কথা বলতাম। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নেই, মাননীয় স্পিকার।

এআর