images

জাতীয়

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন ২০২৬, ১২:২৬ পিএম

রাজধানীর হাজারীবাগের বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার (১৪ জুন) বিকেলে হাজারীবাগ থানাধীন বসিলা লঞ্চঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।

নৌ-পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে হাজারীবাগ থানাধীন বসিলা লঞ্চঘাটের পশ্চিম পাশে বুড়িগঙ্গা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ২৪ বছর। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় পচনের কারণে শরীরের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। তবে মৃতের শরীরে প্রাথমিকভাবে তেমন কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ভুক্তভোগীর প্যান্টের পকেট থেকে একটি স্টুডেন্ট আইডি কার্ড, মানিব্যাগ এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা গেছে।

নৌ-পুলিশ আরও জানায়, পরিচয় নিশ্চিত করতে এবং চূড়ান্ত শনাক্তের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিহতের অভিভাবকদের খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একেএস/এএস