জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ০৭:০২ পিএম
নিকাব পরা নারী এমপিদের উদ্দেশে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী করা বক্তব্যে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
লেখাপড়া করে সংসদ সদস্য হয়েও তারা (নারী এমপিরা) সংসদে নিকাব পরে আসায় মনিরুল হক চৌধুরী তাদের চিনতে পারেন না বলে উল্লেখ করেন। তার এই বক্তব্যের সময় বিরোধী দলের প্রতিবাদে হট্টগোল তৈরি হয়।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে।
সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের হাউজে আমাদের বোনেরা এসেছে এমপি হইয়া। আপনিও অভিনন্দন জানাইছেন, আমিও অভিনন্দন জানাই। সবাই মেধাবী। দুইজনের বক্তৃতা শুনেছি, আগামী দিনে কিছু করতে পারবেন, ভবিষ্যত আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা?’
এসময় নারী আসনসহ বিএনপির সংসদ সদস্যরা সেটিকে সমর্থন জানিয়ে টেবিল চাপড়ান। একই সঙ্গে হাস্যরসেও ফেটে পড়েন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে বুঝব না কী আছে, এটা ঠিক না তো!’
এই বক্তব্যে বিরোধী দলীয় এমপিরা প্রতিবাদ করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মনিরুল হক চৌধুরীকে বাধা দেন। তিনি কারও ‘পার্সোনাল ফ্রিডমে’ আঘাত না দিতে বলেন। এ নিয়ে কথা বলা উচিত নয় বলেও জানান।
টিএই/এএইচ