নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ০১:২৩ পিএম
নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির তদবিরে অতিষ্ঠ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সম্প্রতি ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বদলি তদবির নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র।
বৈঠক সূত্র জানায়, সম্প্রতি আমাদের মাসিক সমন্বয় সভা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ইসি সচিব বদলির তদবির নিয়ে ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বদলির জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ দিয়ে তদবির না করিয়ে নীতিমালা অনুযায়ী বদলি করতে হবে। বদলির জন্য আমাকে চাপ প্রয়োগ করে লাভ হবে না।
বৈঠক সূত্র আরও জানায়, বিভিন্ন কর্মকর্তারা নানাভাবে সচিবের কাছে রাজনৈতিক ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ দিয়ে বদলির জন্য তদবির করে আসছিল। এতেই বিরক্ত হয়ে তিনি সভায় সবার উদ্দেশে নির্দেশনা দেন যে, বিদ্যমান নীতিমালা অনুসরণ করে কর্মকর্তা বদলি করতে হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তা-কর্মচারী বদলি সংক্রান্ত তদবির না করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কতৃক যাচাই-বাছাই ও সুষ্ঠু সমন্বয় করে উপযুক্ত কারণ ও যৌক্তিকতা উল্লেখ করে সমন্বিতভাবে সুপারিশ প্রেরণ করতে হবে।
অন্যদিক ইসির সিনিয়র সচিব স্বাক্ষরিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, কর্মকর্তা-কর্মচারী বদলি সংক্রান্ত তদবির পরিহার করে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে।
এমএইচএইচ/এফএ