images

জাতীয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের অগ্রযাত্রাকে বেগবান করে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০৭:৪৮ এএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করে।

শনিবার (১৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিটিভি’ (গাজী টেলিভিশন)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জিটিভির ১৫ বছর পূর্তির আনন্দঘন ক্ষণকে স্মরণীয় করে রাখতে কেক কাটেন এবং চ্যানেলটির সকল কর্মকর্তা, কলাকুশলী ও দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী যেকোনো ধরনের সৎ ও সাহসী সাংবাদিকতার পাশে থাকার দৃঢ় ঘোষণা দিয়ে বলেন, যারা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে। অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের কল্যাণে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জিটিভির সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

/এএস