images

জাতীয়

ধানমন্ডিতে অভিনেত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার (১৩ জুন) ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

‎গ্রেফতারকৃত সাইফুল্লাহকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসি সাদ্দাম হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করেন, ‘আমার বোনকে তার স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমন্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’

‎তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিল। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী তাকে অষ্টম তলা থেকে ফেলে হত্যা করে।’

‎তবে অভিনেত্রী ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন, তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এসি সাদ্দাম। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

‎একেএস/এএইচ