images

জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার পূর্ণাঙ্গ তদন্ত, দেশীয় খুনিদের শনাক্তকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ছয় মাস একদিন পার হলেও এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন জাতীয় সংকটের সময় বিষয়টি সামনে এনে সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে।’

সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা যখন শাহবাগে লাগাতার আন্দোলন করেছি, তখন বলা হয়েছিল আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছি। অথচ আমরা নির্বাচন দিয়েছি, আপনাদের ক্ষমতায় বসিয়েছি। এখন দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।’
 
রাকসু সাধারণ সম্পাদক বলেন, ‘শরীফ ওসমান হাদির আদর্শ, নৈতিকতা ও রাজনৈতিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। হাদি হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে আর কোনো গড়িমসি গ্রহণযোগ্য নয়।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আম্মার বলেন, ‘শরীফ ওসমান হাদি আমাদের বিভিন্ন গণআন্দোলনের সহযোদ্ধা ছিলেন। তার হত্যার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো আপস চলবে না।’

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য জি এ সাব্বির বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে হত্যা করে খুনিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। এটি একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা।’ তিনি বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এ হত্যাকাণ্ড নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনার সব দিক নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে হবে।’

সরকার ও প্রশাসনের উদ্দেশে সাব্বির বলেন, ‘হাদি হত্যা মামলার বিচার কবে সম্পন্ন হবে, সে বিষয়ে জনগণ জানতে চায়। যদি এ বিষয়ে স্পষ্ট কোনো অগ্রগতি না দেখা যায়, তাহলে আমরা আন্দোলন আরও জোরদার করব। প্রয়োজনে হাদি হত্যা-সংক্রান্ত সব নথিপত্র নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

এম/ক.ম