নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
গ্রেফতার মো. মেহেদী হাসান মিম নাটোর জেলার রামাইগাছি এলাকার বাসিন্দা।
সিআইডি জানায়, মামলার ঘটনাকালীন বাদী যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্বরত ছিলেন। অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর নাম, পরিচয় ও পদবী ব্যবহার করে তার বন্ধু-বান্ধব, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এমনকি কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বরের অনুকরণ করে বাদীর পরিচিত বিভিন্ন সুহৃদ ব্যক্তিদেরকে ফোন করে তার মা ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচ বাবদ জরুরিভাবে অর্থ প্রয়োজন মর্মে জানায়।
এমন প্রতারণামূলক কৌশলে বিভ্রান্ত হয়ে বাদীর পরিচিত একজন ভুক্তভোগী ৫০ হাজার টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রতারকদের কাছে পাঠায়। এছাড়াও বিচারকের আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির নিকট একই কায়দায় ফোন ও বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।
সিআইডি জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শেরপুর জেলার সদর থানায় মামলা করেন। সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মো. মেহেদী হাসান মিমকে গ্রেফতার করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
একেএস/ক.ম