images

জাতীয়

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন খাতের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ভাতা বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করতে মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বীরশ্রেষ্ঠদের পরিবার মাসে ৪০ হাজার টাকা, বীর উত্তমদের পরিবার ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের পরিবার ২৫ হাজার টাকা করে ভাতা পাবে।

তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অপরিবর্তিত রেখে ২০ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর সন্তানদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকার তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই ভাতা বৃদ্ধির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ভাতা ও সহায়তা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, মা ও শিশু সহায়তা কর্মসূচির সম্প্রসারণ এবং ক্যান্সারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব।

আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এমআর/জেবি