images

জাতীয়

জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপির সহায়তা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ১০:১৬ এএম

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধিকতর সহায়তা কামনা করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

স্থায়ী প্রতিনিধি বলেন, ‘চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট প্রকল্প’-এর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রাষ্ট্রদূত নোমান চৌধুরী নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার-সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।

এসএইচ/এমআই