images

জাতীয়

‘প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নে আবুল কালাম জানতে চান, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনাগুলো কী?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।’

মাঠ প্রশাসনের জন্য দেওয়া অন্যান্য নির্দেশনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা নিতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে।’

প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সেবা প্রদানব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সরকারি সেবা প্রদানব্যবস্থা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ থাকে, সে জন্য কঠোর তদারকি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

বিইউ/এআর