জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ এএম
বিপুল পরিমাণ গাঁজাসহ সজিব ও রবিউল হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ২ হাজার ৩০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার), সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।
তিনি জানান, শুক্রবার বিকেলে গাজীপুর থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন চালক ও আরেকজন তার সহযোগী। তারা গাজীপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ উত্তরার দিকে আসছিল। তাদের টার্গেট ছিল সেগুলো ঢাকায় প্রবেশ করাবে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বের মনোলোভা কাবাব এন্ড রেস্তোরার সামনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। গাঁজাবহনকারী পিকআপভ্যানটি আসামাত্র তল্লাশি করে সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, পিকআপভ্যান চালকের পায়ের নিচে রাখা হয়েছিল গাঁজাগুলো। অভিযানের সময় ভ্যানে কোনো মালামাল ছিল না। তারা প্রায়ই এভাবে গাঁজা বহন করে। চালক সজীব ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া রবিউল প্রতি চালানে ২ হাজার করে টাকা পান। এ টাকার লোভেই তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাগুলো ঢাকায় নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
নোমান আহমদ জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর নেপথ্যে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
এমআইকে/এএস