images

জাতীয়

ওএসডি হলেন সোহরাওয়ার্দী হাসপাতালের সেই পরিচালক

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২৬, ১১:৫৩ পিএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সেই ‘বিতর্কিত’ পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (৭ জন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. মো. মামুনূর রশীদকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে গত ৩ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা পরিচালকের পদত্যাগের দাবিতে কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এসময় ডা. মামুনুর রশিদ নিজেকে ‘শহীদ জিয়ার সৈনিক’ হিসেবে দাবি করেন, তার এই দাবি মেডিকেল জুড়ে সমালোচনার জন্ম দেয়। যদিও তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে সংযুক্ত ছিলেন। ওইদিন পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন ডা. মামুনুর রশিদ।

প্রসঙ্গত, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২০ মে তিনি প্রথম দফায় কর্মস্থলে যোগ দিতে এলে ছাত্রদলের প্রতিরোধের মুখে পড়েন এবং যোগ না দিয়েই ফিরে যান। পরদিন ২১ মে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলেও যোগদানের অল্প কয়েকদিনের মাথায় গত ৩ জুন পুনরায় বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়তে বাধ্য হন।

এসএইচ/এএস