images

জাতীয়

৩০টি নোটিশ দিয়েছি, কোনটা বলব জানি না: সংসদে দ্বিধাদ্বন্দ্বে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২৬, ১০:১১ পিএম

জাতীয় সংসদে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে নিজের দেওয়া ৩০টি নোটিশের মধ্যে কোনটির বিষয়ে কথা বলবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে কুষ্টিয়া পৌরসভার পানি সংকট নিয়ে কথা বলার পরামর্শ দেন।

রোববার (০৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে নোটিশের ওপর বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। স্পিকার মহোদয় আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপর বলব? আমি তো জানি না।’

জবাবে স্পিকার বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’

এরপর কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরে আমির হামজা বলেন, পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা দিন দিন অকেজো হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।

তিনি বলেন, বর্তমানে নির্বাচিত মেয়র না থাকায় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। কিন্তু কার্যকর উদ্যোগ বা কাজের অগ্রগতি না থাকায় পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সংসদ সদস্য হিসেবে স্থানীয় সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তিনি। আমির হামজা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারায় সংসদ সদস্যদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

তিনি স্পিকারের মাধ্যমে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদ সদস্য যে দলেরই হোন না কেন, জনগণের দুর্ভোগ লাঘবে তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

টিএই/এএস