images

জাতীয়

নাগরিকদের মতামত জানতে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ১১:০৬ পিএম

নগর সমস্যার কার্যকর ও তথ্যভিত্তিক সমাধান খুঁজতে নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণে ‘দক্ষিণের জানালা’ নামে নতুন একটি নাগরিক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

শনিবার (৬ জুন) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দক্ষিণের জানালা’ শুধু আলোচনা বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ঢাকাকে আরও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ও মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

মির্জা ফখরুল বলেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগ পাবেন। ফলে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবভিত্তিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব পড়বে। 

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ দেশের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। তবে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, পয়ঃনিষ্কাশন সংকট ও জনস্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যাও রয়েছে।

প্রশাসক বলেন, ‘দক্ষিণের জানালা’ উদ্যোগের মাধ্যমে নাগরিক, গবেষক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করবেন, বিশ্লেষণ করবেন এবং তথ্যভিত্তিক সমাধান প্রস্তাব করবেন। খাতভিত্তিক সেমিনার, টাউন হল সভা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক কমিটির মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন রোডম্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু আলোচনা নয়, বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি করা। এমন একটি শহর গড়ে তোলা, যেখানে নাগরিকরা কেবল সুবিধাভোগী নন, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সক্রিয় অংশীদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের বিষয় ছিল ‘ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা: বাস্তবতা ও করণীয়’। এতে নগরীর জলাবদ্ধতার কারণ, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) সাইফুল ইসলাম জয়।

এ সেশনে অংশ নেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আইডব্লিউএমের নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকার এবং আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ’। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ ব্যবস্থাপনা এবং সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মূল নিবন্ধ উপস্থাপন করেন ডিএসসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন।

এ আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফিরোজ জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির কীটতত্ত্ববিদ মো. খলিলুর রহমান, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এবং আইইডিসিআরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. রোজিনা আফরোজ।

উভয় সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসসিসি প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, নগরজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করে ‘দক্ষিণের জানালা’ একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানের শেষে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘শহরের প্রতিটি নাগরিককে ভাবতে হবে, আমার শহর, আমার দায়িত্ব। তাই আমাদের স্লোগান, আমি বদলাই, ঢাকা বদলাবে।’
 
এমআর/ক.ম