images

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা: সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসীকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিসা আবেদনের পর সব ধরনের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত বা পাবলিক করে রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) সকালে মার্কিন দূতাবাসের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় দূতাবাস বলছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এর আগে মাত্র দুই কর্মদিবসের মধ্যে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন সফলভাবে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে অপেক্ষায় থাকা আবেদনকারীরা দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ অংশ পর্যালোচনার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এসএইচ/ক.ম