images

জাতীয়

রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৬, ১০:১৯ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের সফরে আগামী রোববার তিনি মস্কো যাবেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংবাদ সম্মেলনের তথ্য তুলে ধরা হয়।

মারিয়া জাখারোভা বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন সরকারি সফরে রাশিয়া যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, ৮ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

জাখারোভা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের নির্বাচনের প্রেক্ষাপটে জাতিসংঘের কার্যক্রমে রাশিয়ার সম্পৃক্ততা নিয়েও আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রসাটম স্টেট করপোরেশনসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সূচিও রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

জাখারোভা বলেন, সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া সরকার।

এআর