images

জাতীয়

মে মাসে ধর্ষণ-নির্যাতনের শিকার ২৫৯ নারী ও কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০৮:১২ পিএম

দেশে গত মে মাসে অন্তত ২৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। নির্যাতনের শিকারদের মধ্যে ১৪৫ জন কন্যাশিশু এবং ১১৪ জন নারী।

বুধবার (৩ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। জাতীয় ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ৫৯ জন কন্যাশিশু ও ১৩ জন নারীসহ মোট ৭২ জন ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৮ জন কন্যাশিশুসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর তিনজন কন্যাশিশুসহ চারজনকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে তিনজন কন্যাশিশু। এছাড়া ২২ জন কন্যাশিশুসহ মোট ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার বিভিন্ন ঘটনায় মোট ২২ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে ১৩ জন কন্যাশিশুসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। দুজন কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে আরও দুজন কন্যাশিশু। এছাড়া তিনজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে ১২ জন কন্যাশিশু ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আরও দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ছয়জন কন্যাশিশু ও ১৬ জন নারীসহ মোট ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া আটজন কন্যাশিশুসহ ১৫ জন আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন তিনজন কন্যাশিশুসহ মোট চারজন। এসিড-সন্ত্রাসের ঘটনায় দগ্ধ হয়েছেন দুজন, যাদের মধ্যে একজন কন্যাশিশু। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী।

মহিলা পরিষদের তথ্যমতে, যৌতুকের কারণে চারজন নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একজন নারী। এছাড়া একজন কন্যাশিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

অন্যদিকে ১৬ জন কন্যাশিশুসহ মোট ২৬ জন অপহরণের শিকার হয়েছেন এবং আরও দুজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। 

পাচারের শিকার হয়েছেন তিনজন। দুজন কন্যাশিশুসহ মোট ৯ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া একজন কন্যাশিশুসহ পাঁচজন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএইচ/এএইচ