জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাশ্রয়ী, উপযোগী ও মানসম্মত সহায়ক প্রযুক্তির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।
বুধবার (৩ জুন) তৃতীয় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এলাকায় এক বর্ণাঢ্য র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ দাবি জানান।
আয়োজক সংগঠনগুলোর বক্তারা বলেন, বিশ্বব্যাপী সহায়ক প্রযুক্তির প্রয়োজন থাকা বিপুলসংখ্যক মানুষ এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। একই সঙ্গে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে না পারায় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।
তারা আরও বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সহায়ক প্রযুক্তিতে এক টাকা বিনিয়োগ করলে তার বহুগুণ সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়। তবু এ খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রয়োজনের তুলনায় অনেক কম।
র্যালির আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস।
র্যালিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মো. মনিরুজ্জামান খান, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার আবদুর রাজ্জাক, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. মোকাম্মেল হোসেন এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের নির্বাহী পরিচালক হাসিবা হাসান জয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালি শুরু হয়। পরে সেটি কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালিতে সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, অধিকারকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং সহায়ক প্রযুক্তিনির্ভর মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও উপকরণের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এসময় তাদের হাতে ছিল সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন।
এমআইকে/এএইচ