images

জাতীয়

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নাগরিকদের সঙ্গে প্রহসন’

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে দেশের নাগরিকদের সঙ্গে সরকারের ‘প্রহসন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। সংগঠনটির দাবি, গণশুনানিতে ভোক্তা ও নাগরিকদের আপত্তি এবং মতামত উপেক্ষা করেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূল্যবৃদ্ধির পথে এগোচ্ছে।

বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এসব কথা বলেন। 

মহিউদ্দিন আহমেদ বলেন, গত ২০ ও ২১ মে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে তারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরালো আপত্তি জানান। একইসঙ্গে দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস এবং ক্যাপাসিটি চার্জ বন্ধের দাবি উত্থাপন করা হয়। তিনি বলেন, গণশুনানির মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ প্রমাণ করে যে, এই শুনানি ছিল কেবল আনুষ্ঠানিকতা পালনের জন্য। এতে জনগণের মতামতের কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি।

মহিউদ্দিন আহমেদের ভাষ্য, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চরম চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে এবং শিল্প, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

নাগরিক সমাজের আহ্বায়ক বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় না এনে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।  

বিবৃতিতে জনস্বার্থবিরোধী এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
 
এমআর/ক.ম