নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি। তাই প্রথম সফর কোন দেশে হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
বুধবার (০৩ জুন) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের যোগ্যতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ৮১টি বাংলাদেশ মিশন, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের একজন প্রতিনিধির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে। এটি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। দীর্ঘ সময় পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউএনজিএর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কীভাবে পরিচালিত হবে, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, নতুন দায়িত্ব পালনে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেটি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের কোনো আলোচনা সম্পর্কে তিনি অবগত নন বলেও জানান।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে প্রথম সফর কোন দেশে হবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
পশ্চিমবঙ্গের এক রাজনৈতিক নেতার বক্তব্যে আলোচিত ওসমান হাদি হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্য দেশের নির্বাচনে পরাজিত কোনো রাজনৈতিক ব্যক্তির মন্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের মন্তব্য করার প্রয়োজন নেই। তবে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
তিনি জানান, এ ঘটনায় ভারতে গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। ভারতের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে।
মিয়ানমার সীমান্তে এক কিশোর নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
এএইচ/এএস