images

জাতীয়

নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনড় ইসলামী ব্যাংকের গ্রাহকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০১:৫৪ পিএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা।

বুধবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত গ্রাহকরা এ কথা বলেন। কেরানীগঞ্জ এলাকা থেকে আসা ইকবাল হাসান নামে এক গ্রাহক বলেন, ‘আমি ইসলামী ব্যাংকের একজন সচেতন গ্রাহক। বিগত সময় থেকে টাকা রেখে আসছি। কিন্তু সেই সময় আমরা দেখেছি ব্যাংটিকে হাসিনা ও তার লোকজন দখল করে নিয়েছিল। ফলে গ্রাহকরা ব্যাংকে গেলে সময়মতো টাকা পেত না। এখন আমরা একই অবস্থা দেখছি। তাই হাসিনার সময় বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, তা বাতিল করে নতুন চেয়ারম্যান দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা মনে করি, এতে আমাদের দেশের অর্থনীতি সচল থাকবে। সবকিছু সচল থাকবে।’ 

বেলায়েত নামে আরেক গ্রাহক বলেন, ‘যাদের হাতে ধরে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, যারা ইসলামী ব্যাংক ভালোভাবে চালিয়েছে তাদের দ্বারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হোক, পরিচালিত হোক আমরা সেটা চাচ্ছি। আমরা ঈদের আগেও আন্দোলন করেছি। এত আন্দোলন হচ্ছে কিন্তু ‍সরকার অবস্থান থেকে নড়ছে না।’

তারা নতুন চেয়ারম্যানকে না সরানো পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে জানান।

এর আগে নতুন চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ব্যাংকটির মতিঝিল প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করে গ্রাহকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসে।

এমআইকে/এমআর