images

জাতীয়

খলিলুর রহমানকে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০১:১৫ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (২ জুন) পৃথক বার্তায় তারা খলিলুর রহমানকে এ ঐতিহাসিক অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। তিনি আশা প্রকাশ করেন, অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

image

আরও পড়ুন: বিশ্ব দরবারে বাংলাদেশের বড় অর্জন

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার বার্তায় খলিলুর রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান। তিনি বলেন, খলিলুর রহমানের ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার সাধারণ পরিষদকে দক্ষভাবে পরিচালনায় সহায়তা করবে। তিনি বৈশ্বিক অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়ন জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

image

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। এটি বাংলাদেশের জনগণ ও বৃহত্তর অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

image

আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

প্রসঙ্গত, সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী কাকাউরিস পান ৯১টি ভোট।

আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।