জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com- এই দুটি ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইলে প্রাপ্ত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এমআইকে/এএইচ