images

জাতীয়

সড়কে আইনের ব্যত্যয় ঘটলে সর্বোচ্চ প্রয়োগ: ডিএমপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

রাজধানীর সড়কে আইনের ব্যত্যয় ঘটলে পুলিশ আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। মঙ্গলবার (২ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সম্প্রতি এক যুবক মোটরসাইকেলের নম্বরপ্লেট লুকিয়ে ঘোরাফেরার ঘটনায় তাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে বক্তব্য দেন পুলিশের এ কর্মকর্তা। 
 
আনিসুর রহমান বলেন, আমরা সবার কাছে একটা বার্তা দিতে চাই, তা হলো মামলার সংখ্যা বাড়ানো এবং জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং তাকে সাজা দেওয়া— এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। আমরা যেন নিজ থেকে আইন মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না এমন নয়, ব্যত্যয় হয়। যেখানে আইনের ব্যত্যয় ঘটবে সেখানে আমরা কঠোরভাবে বিষয়টি দেখব। 

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমরা ট্রাফিকে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই কাজ করছি। এত অল্প সময়ে নগরবাসী বিশেষ করে যারা সড়কের যাতায়াত করেন তারা আমাদের খুব ভালোভাবে সহায়তা করেছেন। 

ট্রাফিকের প্রত্যেকটি পুলিশ সদস্যকে লোকজনের সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পুলিশ সদস্যদের একটা নির্দেশনা দেওয়া আছে যে আমরা লোকজনের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করব, যেটা করা সম্ভব। আমরা নির্দেশনা দিয়েছি এটা সবাই ফলো করে বা করতে পারে না, করে না। কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহারটা করব। আবার আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চটা প্রয়োগ করব।

আনিসুর রহমান বলেন, আমরা ধরে নিয়েছিলাম হয়তো সড়কের শৃঙ্খলা ফেরাতে আমাদের মাসছয়েক লাগবে। কিন্তু ১৫ দিনের মাথায় সেই শৃঙ্খলা ফিরে এসেছে। জাস্ট ১৫ দিনের মাথায় আমরা একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। এই ক্রেডিট কিন্তু নগরবাসীর। ধীরে ধীরে সড়কের শৃঙ্খলা ফিরে আসছে। সবচেয়ে খুব ভালো লাগে ঈদের সময় তো রাস্তা ফাঁকা থাকে এবং এই সুযোগে অনেক দ্রুত চলাচল করে। কিন্তু এবার ঈদে সকলে সড়কে শৃঙ্খলা মেনে চলেছেন। 

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, আপনারা যদি সহায়তা না করেন তবে সড়কে শৃঙ্খলা ফেরানো আমাদের একার পক্ষে সম্ভব নয়। কাউকে মামলা দেওয়া এবং সাজা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। যে ব্যক্তি সড়কের মোটরসাইকেলের নম্বরপ্লেট লুকিয়ে চলাফেরা করেছে, আমরা ইচ্ছে করলে সেই ব্যক্তিটিকে আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। যেকোনো বিচারের সঙ্গে মানবিকতার একটা সম্পর্ক থাকা উচিত বলে আমি মনে করি। নিশ্চিতভাবে তার পরিবার আজ কষ্ট পাবে। তার আত্মীয়-স্বজন কষ্ট পাবে। সে নিজেও কষ্ট পাবে, এই অপরাধটুকু করার জন্য। 

এমআইকে/ক.ম