images

জাতীয়

নম্বর প্লেট লুকিয়ে ঘোরা যুবক শনাক্ত, এক মাসের কারাদণ্ড 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

মোটরসাইকেল এর নম্বর প্লেট লুকিয়ে এআই মামলা থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন লাভলু হক নামে এক যুবক।  অবশেষে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে নজরে আসে পুলিশের। এরপর সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ। এ ঘটনার পর তাকে ঢাকা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে তোলা হলে তার এক মাসের কারাদণ্ড এবং জরিমানা করেছে আদালত। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির ট্রাফিকের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান। 

তিনি বলেন, এক যুবক ঢাকায় তার মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে ঘুরে বেড়াচ্ছিলো। এই বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। বিষয়টা আমাদের নজরে আসার পর আমরা মনে করলাম বিষয়টি সকলে জানলে অন্যরাও এমনটি করতে পারে। 

এরপর আমরা কাজ শুরু করি। বিষয়টি নিয়ে কাজ করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ছবি এসেছে সেটি কিন্তু স্পষ্ট ছিল না। 

এরপর আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরা যাচাই করে অনেক কষ্টে তাকে সনাক্ত করতে পেরেছি। সেই যুবককে অবশেষে গতকালকে গ্রেফতার করা হয়েছে। তার নাম লাভলু হক (৩৮)। বাবার আবদুল হক।  মা আনোয়ারা বেগম। তার বাড়ি ঢাকার লালবাগে। 

তিনি আরো বলেন, আমরা তাকে গ্রেফতারের পর স্পেশাল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠিয়েছি। তার এক মাসের সাজা হয়েছে। সঙ্গে জরিমানাও হয়েছে জানতে পেরেছি। তবে কাগজটা এখনো হাতে পাইনি। 

এমআইকে/এআরএম