জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুন ২০২৬, ১২:০৬ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তাদের মশক নিধনের অভিজ্ঞতা অর্জন করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি টাকায় বা বিদেশি অর্থায়নে এমন সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে এই সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপটি পাঠানো হয়।
প্রস্তাবিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল-ফ্লোরিডায় মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম সশরীরে পরিদর্শন করা।
তবে ফাইলে স্বাক্ষর করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এক রসাত্মক অথচ কড়া মন্তব্য করে ফাইলটি ফেরত পাঠান।
তিনি সার-সংক্ষেপে লেখেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।'
আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব দেলোয়ার হোসেন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (১) জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেন ও সাধারণ মানুষ এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন।
অনেকেই মনে করছেন, এটি সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের প্রবণতা বন্ধে এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে একটি শক্ত বার্তা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর ফ্লোরিডা সফরের প্রস্তাবটি ফাইলবন্দিই থাকছে এবং এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিইউ